সংসদে দোভাষী সেবা চালুর দাবি ব্যারিস্টার আরমানের
ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান/ফাইল ছবি
জাতীয় সংসদে দোভাষী সেবা চালুর দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন নিজের ফেসবুক আইডিতে ভিডিওসহ এক পোস্টে তিনি এ দাবি জানান।
ফেসবুক পোস্টে ব্যারিস্টার আরমান লেখেন, সংসদে একসময় দোভাষী সেবা (Translation Service ) ছিল। এই ভিডিওই তার প্রমাণ। আজ সেটি নেই। বিদেশি কূটনীতিক, সাংবাদিক, আন্তর্জাতিক পর্যবেক্ষক—সংসদে আসেন, বসেন, চলে যান। কী হলো, কী বলা হলো—কিছুই বোঝেন না। এই নীরবতা কি আমাদের সংসদের যোগ্য?
তিনি লেখেন, দোভাষী সেবা বিলাসিতা নয়, এটি আন্তর্জাতিক মানের সংসদের ন্যূনতম শর্ত। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই সেবা অবিলম্বে পুনরায় চালু করুন।
আরএএস/এমএমকে