বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা সভা
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে/ছবি: সংগৃহীত
বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার সন্ধ্যায় ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এসএম তরিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. বজলুর রশীদ, ল’ অ্যান্ড স্টেট বিভাগের পরিচালক ড. মুশতাক আহমদ, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক (প্রশাসন) শাহ মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, উপ-পরিচালকসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
এমইউ/এমএমকে