কয়রায় নৌবাহিনীর মেডিকেল ক্যাম্পে এক হাজার মানুষের সেবা
খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর দিনব্যাপী মেডিকেল ক্যাম্প, ছবি: আইএসপিআর
দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। এর ধারাবাহিকতায় খুলনার কয়রা উপজেলায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে বানৌজা উপশমের অভিজ্ঞ চিকিৎসক দল কয়রা উপজেলার বেদকাশি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এ ক্যাম্প পরিচালনা করে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশুসহ প্রায় এক হাজার মানুষ সেবা নিয়েছেন।
চিকিৎসা ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগে আক্রান্ত রোগীদেরও আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন চিকিৎসকরা।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ উদ্যোগকে ঘিরে ব্যাপক উৎসাহ ও স্বস্তির অনুভূতি লক্ষ্য করা যায়। চিকিৎসাসেবা পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন এবং নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকর, সমুদ্র সম্পদের সুরক্ষা এবং সমুদ্রে ক্যামিক্যাল দূষণ প্রতিহত করাসহ দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছে। সেইসঙ্গে দেশের মানুষের প্রয়োজনে উপকূলীয় ও দুর্গম অঞ্চলের অসহায়, দুস্থ ও অনগ্রসর মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ ও দুর্যোগকালীন সহায়তার মাধ্যমে জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
টিটি/এমএএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ২ আবাসিক নন-মিটার গ্রাহকদের গ্যাস ব্যবহার নির্ধারণে বাখরাবাদের জরিপ শুরু
- ৩ ই-সিগারেট ও নিকোটিন পাউচ শিশুদের প্রাণঘাতী হুমকির দিকে ঠেলে দিচ্ছে
- ৪ বায়ু-শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: পরিবেশমন্ত্রী
- ৫ বনানীতে ১১ তলা ভবনে আগুন