ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

উন্নয়নে ধীরগতি, সামান্য বৃষ্টিতেই ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৫ এএম, ২০ মার্চ ২০১৭

সকালে অফিসে যাচ্ছিলেন দক্ষিণ বনশ্রীর বাসিন্দা সুলাইমান হাওলাদার। বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ঘটে বিপত্তি। ফুটপাত দিয়ে হাঁটার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা পাশ দিয়ে দ্রুতগতিতে চলে যায়। এ সময় রাস্তায় জমে থাকা ময়লা পানির ছিটায় নষ্ট হয়ে যায় পুরো জামা-কাপড়।

জাগো নিউজকে তিনি বলেন, আর কতো উন্নয়ন? সারা বছরই যদি উন্নয়ন চলে নগরবাসী এর সুফল পাবে কবে? এভাবে কি একটা নগর চলে? জামা কাপড় নষ্ট হয়ে গেছে, আজ কীভাবে অফিসে যাই!

চৈত্রের সামান্য বৃষ্টিতেই তীব্র দুর্ভোগ দেখা দিয়েছে রাজধানী ঢাকায়। বৃষ্টির পানিতে কাদা-মাটিতে ভরে গেছে রাস্তা। উন্নয়ন কাজের জন্য সেবা সংস্থাগুলোর খোঁড়াখুড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব গর্তে পানি জমে নগরবাসীর দুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে।

dhaka

সোমবার সকালে রাজধানীর খিলগাঁও, মালিবাগ, মগবাজার, মৌচাক, ফকিরাপুল, আরামবাগ, শান্তিনগর, মিরপুর, কালশীরোড, সায়েদাবাদ, কারওয়ানবাজার, তেজগাঁও, কাকরাইল, রাজারবাগ,পুরান ঢাকার সূত্রাপুরসহ অধিকাংশ এলাকায় কাদা-মাটির কারণে  রাস্তাঘাটে চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গর্তে যানবাহন আটকা পড়ে বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে।

রাজধানীবাসীর অভিযোগ, একটু বৃষ্টি হলেই নগরীর এসব এলাকার সড়ক এবং নিচু অঞ্চলগুলোতে দু-তিন দিন ধরে পানি জমে থাকে। এ বিষয়ে বিভিন্ন সময় সিটি কর্পোরেশনে অভিযোগ করলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি।

সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, চলতি বছর রাজধানীতে প্রায় দুই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ নির্মাণ, ফুটপাতের উন্নয়ন কাজ, স্যুয়ারেজ লাইন, সড়ক সংস্কার, ওয়াসা, ডেসা ও তিতাসের সংযোগ লাইন স্থাপনসহ বিভিন্ন কারণে নগরীর সড়কগুলোতে খোঁড়াখুড়ি চলছে। যে কারণে সড়কের খোঁড়া মাটি পানির সঙ্গে মিশে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

dhaka

অন্যদিকে ফ্লাইওভার, মেট্রোরেলসহ আরও বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজ চলছে। সড়কগুলো কেটে ফেলায় ভোগান্তির মাত্রা কয়েকগুণ বেড়েছে। বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন ওয়ার্ডের অলিগলিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব সড়ক দিয়ে পথচারীদের চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। উঁচু-নিচু সড়ক দিয়ে যানবাহনের চাকার সঙ্গে কাদা-মাটির ছিটা পথচারীদের জামাকাপড় ও আশপাশের দোকানগুলোতে গিয়ে পড়ছে।

অসময়ের বৃষ্টি কারণে কর্মমুখো মানুষকে কোনো প্রস্তুতি ছাড়াই অফিস বা কর্মস্থলে যেতে হচ্ছে। বৃষ্টির পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয়েছে ঘরমুখো নারী-শিশু-বৃদ্ধ ও শিক্ষার্থীসহ সবাইকে। এছাড়া সড়কে অব্যবস্থাপনা ও যানবাহনের কারণে নগরবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ সুযোগে এক শ্রেণির রিকশাচালক অতিরিক্ত ভাড়া আদায় করছেন।

সরেজমিন রাজধানীর কাকরাইল থেকে মালিবাগ রেলক্রসিং পর্যন্ত সড়কে জলাবদ্ধতা লক্ষ্য করা গেছে। বছরের প্রায় সব সময় সড়কটিতে পানি জমে থাকে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের। দুর্ভোগ থেকে মুক্তি পেতে গাড়িচালকরা বিকল্প সড়ক হিসেবে বিজয়নগর হয়ে ফকিরাপুল, রাজারবাগ, খিলগাঁও হয়ে মালিবাগ রেলগেট সড়ক ব্যবহার করছেন। এরপরও দুর্ভোগ থেকে মুক্তি নেই। কারণ মালিবাগ রেলগেট থেকে চৌধুরীপাড়া সড়কটির অবস্থাও তথৈবচ।

এমএসএস/জেডএ/এমএমজেড/এমএআর/জেআইএম

আরও পড়ুন