ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে কুমিল্লা যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২৩ মে ২০১৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে রোববার কুমিল্লা সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেলে তিনি কুমিল্লা টাউন হল মাঠে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনসহ জেলার বিভিন্ন স্থানে আড়াইশ কোটি টাকা ব্যয়ে ১৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠে দৃষ্টিনন্দন  মঞ্চ তৈরি করা হচ্ছে। এ কাজে প্রতিদিন ৫০ জন শ্রমিক কাজ করছেন। এদিকে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী `কুমিল্লা বিভাগ` এর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এমন আশায় বুক বেঁধে আছেন কুমিল্লাবাসী। এ নিয়ে সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ২০ এপ্রিল কুমিল্লা নগরীর ধর্মসাগরের উত্তরপাড়ে নজরুল ইনস্টিটিউট কেন্দ্র-কুমিল্লার উদ্বোধন করতে কুমিল্লায় এসেছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অনুষ্ঠানমালা প্রাণবন্ত করতে জেলা ও পুলিশসহ অন্যান্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৫ সহস্রাধিক আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অতিথিদের জন্য তৈরি করা হয়েছে বিশাল আকারের প্যান্ডেল। এদিকে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে কুমিল্লা নগরজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারী।    

ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৭৭ কোটি ৮১ লাখ ৯০ হাজার টাকায় জেলার বিভিন্ন স্থানে নির্মিত ১০টি উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করবেন। কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল জানান, এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২৫৫ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে কুমিল্লার ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জাতীয় কবির জন্মজয়ন্তীর সকল অনুষ্ঠান সুষ্ঠু-সুন্দর, উৎসবমুখর ও প্রাণবন্ত করে স্মরণীয় করার লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৯৯২ সালে কুমিল্লায় জাতীয়ভাবে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হয়।

মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস