স্বাস্থ্য মন্ত্রণালয় সকল ক্রয় ই-টেন্ডার প্রক্রিয়ায় সম্পন্ন করবে
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্রয় সংক্রান্ত সকল কার্যক্রম ই-টেন্ডার প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, এখন থেকে সিএমএসডি এবং মন্ত্রণালয়ের সকল অধিদপ্তর, ইনষ্টিটিউট, মেডিক্যাল কলেজ, জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতালসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সকল ক্রয় কার্যক্রম ই-টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে।
তিনি বলেন, ক্রয় সংক্রান্ত সকল কার্যক্রমে স্বচ্ছতা রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ই-টেন্ডার চালু হলে টেন্ডার কার্যক্রম আরো সহজ হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ঠিকাদাররা এ প্রক্রিয়ায় ঘরে বসে দরপত্র সংক্রান্ত সব কাজ করতে পারবেন। পাশাপাশি স্বয়ংক্রিয় পদ্ধতিতে দরপত্রের প্রস্তাবসহ সংশ্লিষ্ট অনেক কাজ স্বল্প সময়ে, সহজে ও সমন্বিতভাবে করা সম্ভব হবে।
২০০৪ সালের জুলাই মাসে বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশে অনলাইনে টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু হয়েছিল। ২০১১ সালের ২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ওয়েব পোর্টাল উদ্বোধন করেন।
এছাড়াও সম্প্রতি সময়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমকে সভাপতি করে নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেককে প্রধান করে বরাদ্দ সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে।
আরএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪