ব্লগারদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ!
ব্লগারদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব সকলের নিরাপত্তার ব্যবস্থা করা। এ পর্যন্ত অনেক ব্লগার খুন হয়েছেন। তবে কোনোটিরই বিচার হয়নি। মনে হয় সরকার এখানে খুব বেশি সিরিয়াস না। শনিবার রাজধানীর টিসিবি মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপের প্যানেল আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ তত্ত্ব বিভাগের প্রধান জিয়া রহমান এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি আইনের শাসনের ব্যাপার। এখন সেটি আছে কি-না, তা আগে দেখতে হবে। কারণ যারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে তাদেরকে দিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করালে এমনটি তো হবেই।
তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশ একটি বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হয়েছে আমি এই কথার সঙ্গে একমত নই। মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। কিন্তু এ জন্য ধর্মীয় উস্কানি যেমন কাম্য নয়, তেমনি কাউকে হত্যা করাও কাম্য নয়।
আর খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোকসানা খন্দকার বলেন, এর আগে ব্লগারদের উপর হুমকি আসলে তারা থানায় জিডি করতে গেলেও তা নেয়া হয়নি। তাই স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে দেশ বিপজ্জনক অবস্থানে যাচ্ছে তা তো বলাই যায়।
দিন দিন শিশু নির্যাতনের ভয়াবহতা বৃদ্ধিপাচ্ছে কেন এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় ভুমিকা রাখবে আইনশৃঙ্খলা বাহিনী ও জুডিশিয়ারি। কিন্তু দলীয়ভাবে প্রভাবিত হলে তারা তাদের দায়িত্ব পালন করতে পারেন না। যার কারণে শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে।
আর রোকসানা খন্দকার বলেন, মূলত বিচারহীনতার কারনেই এমনটি ঘটছে।
এফএইচ/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে আকাশ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
- ২ অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান, হস্তান্তর ২ মার্চ
- ৩ গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিললো পরিচয়
- ৪ ঢাকায় বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল
- ৫ যত প্রভাবশালী হোক দ্রুত সময়ে তাসলিমা হত্যার বিচার নিশ্চিত করবো