ওসি মোয়াজ্জেম গ্রেফতার
ডিজিটাল নিরাপত্তা আইনের পরোয়ানাভুক্ত আসামি ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ জুন) শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া) সোহেল রানা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেনীতে হত্যাকাণ্ডের শিকার মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মাদরাসাছাত্রী নুসরাত জাহানকে গত ৬ এপ্রিল পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। তার দিন দশেক আগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে সোনাগাজী থানায় যান নুসরাত। থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন সে সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
ওই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে আদালতের নির্দেশে সেটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই গত ২৭ মে আদালতে অভিযোগপত্র জমা দিলে ওই দিনই গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা জারির দুদিন পর মোয়াজ্জেম হোসেন হাইকোর্টে জামিন আবেদন করেন।
এআর/আরএস/পিআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আগস্টের পর করা সব মামলা যাচাই-বাছাই করা হবে: চিফ প্রসিকিউটর
- ২ সাবেক ডিআইজি আবদুল জলিলের পরিকল্পনায় শাপলা চত্বরে হত্যাকাণ্ড
- ৩ লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
- ৪ কোভিড ভ্যাকসিন কেনায় অনিয়ম: অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানে দুদকের চিঠি
- ৫ সংস্কার কার্যক্রম সংবিধানের কাঠামোর ভেতরে প্রচলিত হবে: আইনমন্ত্রী