প্রচণ্ড গরমে রাস্তার পাশে লুটিয়ে পড়ল ঘোড়াটি
পথচারী, রিকশা ও মোটরসাইকেল আরোহীরা জটলা পাকিয়ে গোল করে দাঁড়িয়ে আছেন। চারদিকে হই চই। সবাই দেখছেন, ড্রেনের পাশে একটা ঘোড়া মাথা তুলে বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু একটু পরই আবার লুটিয়ে পড়ছে। আশপাশ থেকে কয়েকজন তরুণ এসে ঘোড়াটিকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হলেন। এরপর বেশ কিছুক্ষণ মৃতপ্রায় অবস্থায় রাস্তায় পড়ে থাকে ঘোড়াটি।
তরুণদের কেউ একজন মোবাইল ফোন হাতে পশু চিকিৎসককে ডেকে আনার চেষ্টা করেন। অন্য আরেকজন ঘোড়াটির মালিককে অসুস্থতার খবর জানিয়ে দ্রুত ঘটনাস্থলে আসতে অনুরোধ জানান।

এ সময় কয়েকজন তরুণ ঘোড়াটিকে সুস্থ করে তুলতে প্রচেষ্টা চালাতে থাকেন। প্রথমে সারা শরীরে পানি দিয়ে ভিজিয়ে দেয়া হয়। তারপর মাথায় পানি ঢেলে এবং প্রচুর পানি খাইয়ে সুস্থ করার প্রচেষ্টা চলতে থাকে। প্রায় ৩০ মিনিট প্রচেষ্টার পর ঘোড়াটি একপর্যায়ে চোখ খুলে তাকিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে রাজধানীর বঙ্গবাজার সংলগ্ন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ের প্রবেশ দ্বারের দেয়াল ঘেঁষে কাজী আলাউদ্দিন রোড অভিমুখে রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

বঙ্গবাজারের চৌরাস্তার সামনে হঠাৎ করেই ঘোড়াটিকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। প্রথমে সবাই ভেবেছিলেন, ঘোড়াটি হয়তো এক্ষুণি উঠে দাঁড়াবে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ঘোড়াটি নিস্তেজ হয়ে মাটিতে পড়ে থাকে।
এ সময় কয়েকজন তরুণ ঘোড়াটিকে সুস্থ করে তুলতে প্রচেষ্টা চালায়। দৌড়ঝাঁপ করে পানি এনে দ্রুত মাথায় ও সারা শরীরে ঢালতে থাকে। এত কিছুতেই চোখ খুলে তাকায় না ঘোড়াটি। কিছুক্ষণ পর সেখানে ছুটে আসে ঘোড়াটির মালিক।

বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতিতে ঘোড়ার গাড়ি বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আজ দিনভর গরমে ঘোড়াটি রাস্তায় ঘুরে বেড়ানোর ফলে উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে বলে ধারণা মালিকের।
ঘোড়ার গাড়ির একজন চালক জানান, তিনি ঘণ্টা খানেক আগে ঘোড়াটিকে বেঁধে রেখে অন্যত্র গিয়েছিলেন। এরই মধ্যে এমন ঘটনা ঘটবে তা তিনি কল্পনাও করেননি। অনেকক্ষণ সেবা-শুশ্রুষার পর ঘোড়াটি উঠে দাঁড়ালে অসুস্থতার প্রকৃত কারণ জানতে পাশেই পশু হাসপাতাল নিয়ে রওনা হন তারা।

যে কয়েকজন যুবক ঘোড়াটিকে সুস্থ করে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তাদের অধিকাংশই ঘোড়া চালিয়ে জীবিকা নির্বাহ করেন। চোখের সামনে পরিচিতজনের ঘোড়াকে এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে বসে থাকতে পারেননি। তাই ছুটে এসে ঘোড়াটিকে সুস্থ করে তুলতে আপ্রাণ প্রচেষ্টা চালানো এবং সফল হন বলে জানান।
এমইউ/এমএসএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ দেশে সচল বিদ্যুৎ উপকেন্দ্র ১৮৩৪টি, চলছে নতুন কেন্দ্র নির্মাণ
- ২ বিল পরিশোধ না করে বেরিয়ে যাওয়া বন্ধে গ্রাহকদের ভেতরে রেখে বাইরে তালা
- ৩ বাড্ডায় জরুরি কাগজপত্রসহ ব্যাগ হারানোর ঘটনায় জিডি, ফেরত দিতে আহ্বান
- ৪ পাম্পের জন্য নির্ধারিত তেল সরবরাহ করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী
- ৫ দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৌসুমের প্রথম তাপপ্রবাহ