জঙ্গি দমনে বাংলাদেশ বদ্ধপরিকর
জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
সোমবার রুয়ান্ডার রাজধানী কিগালিতে ইন্টারপোলের ৮৪তম বার্ষিক সাধারণ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এ কথা জানান তিনি।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ হেড কোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান এসব তথ্য জানান।
অধিবেশনে আইজিপি বলেন, ধর্মীয় জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ অনেক সাফল্য অর্জন করেছে। দেশে যেন আর জঙ্গির উত্থান না ঘটে সে লক্ষে বাংলাদেশ পুলিশ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত ২৭ জন জঙ্গির মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। জেএমবির ৬ জনের ফাঁসিও কার্যকর হয়েছে।
পুলিশ প্রধান আরো বলেন, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি-বি), জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), শাহাদাত-ই আল হিকমা, হিজবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম (এটিবি) নিষিদ্ধ করা হয়েছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সন্ত্রাস দমনে কাজ করা হচ্ছে।
সম্প্রতি বাংলাদেশে সংগঠিত দুই বিদেশি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘বিদেশি নাগরিক হত্যার ঘটনা তদন্তে উলেখযোগ্য অগ্রগতি হয়েছে।’
অধিবেশনে সন্ত্রাস দমনে ইন্টারপোল সদস্য দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন আইজিপি।
আইজিপির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ থেকে ইন্টারপোলের অধিবেশনে যোগ দিয়েছে। আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার এ সম্মেলন শেষ হবে।
এআর/একে/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত