ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

শাহবাগ থেকে ফার্মগেট রিকশা ভাড়া ৩০০ টাকা!

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৯ জুলাই ২০২১

‘আরে মিয়া, কুমিল্লা থেকে আসলাম ৮০০ টাকা ভাড়ায় আর ফার্মগেটের ভাড়া চাও ৩০০ টাকা। বৃষ্টি হইছে তো কি হইছে, পায়ে হেঁটেই চইল্যা যামু।’

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে মুষলধারে বৃষ্টির মধ্যে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে এক যাত্রী রিকশাচালককে লক্ষ্য করে এ কথাগুলো বলছিলেন। তিনি শাহবাগ থেকে রিকশায় ফার্মগেট যেতে চাচ্ছিলেন। জবাবে রিকশাচালক বলেন, ‘আপনারে তো জোর করি নাই, ইচ্ছা হইলে যাইবেন, ইচ্ছা না হইলে যাইবেন না।’

jagonews24

আজ দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ করে রাজধানীতে মুষলধারে বৃষ্টি নামে। বিধিনিষেধে গণপরিবহন বন্ধ থাকায় রিকশাই এখন প্রধান বাহন হওয়ায় এমনিতেই বিভিন্ন গন্তব্যে ভাড়া আগের তুলনায় বেশি নিচ্ছেন চালকরা। তার ওপর মুষলধারে বৃষ্টিতে রিকশাচালকদের ভাড়া দ্বিগুণ-তিনগুণ চাইতে দেখা যায়। নিরূপায় হয়ে অনেকে বেশি ভাড়া দিয়েই গন্তব্যে রওনা হন। আবার অনেকে বৃষ্টিতে ভিজেই বিভিন্ন গন্তব্যে হাঁটা শুরু করেন। হঠাৎ বৃষ্টিতে রাস্তায় যানবাহন চলাচল কমে যায়।

করোনাভাইরাসের সংক্রমণরোধে দেশব্যাপী চলমান লকডাউনের সপ্তম দিনে আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল আকাশ। সকালেও একদফা হালকা বৃষ্টি হয়। দুপুরে হয় মুষলধারে বৃষ্টি। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, আজ বিকেল ৩টা পর্যন্ত রাজধানীতে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

jagonews24

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এদিকে আজ দপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার ঢাকা ও পার্শ্ববতী এলাকার পূর্বাভাসে বলা হয়, আকাশ মেঘলা, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এমইউ/এমআরআর/এএসএম