ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

শাহজালাল ও শাহ আমানতে অভিযানে ৯২ লাখ টাকার সিগারেট-ভ্যাপ জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০৯ এপ্রিল ২০২৬

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা এক লাখ ২৮ হাজার ৮০০ শলাকা সিগারেট ও আমদানি নিষিদ্ধ ৫ হাজার ৫৫০ পিস ভ্যাপ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা অবৈধ সিগারেট এবং নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে শাহজালালে দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ এবং চট্টগ্রামে শারজা থেকে আগত ফ্লাইট জি-৯৫২৬-এর যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ৬৪৪ কার্টুন অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেট পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।

এছাড়া কাস্টমস গোয়েন্দা এয়ারফ্রেইট সার্কেল ঢাকা ফরেইন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ২০ কার্টুন পণ্য জব্দ করে কায়িক পরীক্ষা করে। এতে আমদানি নিষিদ্ধ ৫ হাজার ৫৫০ পিস ভল্টবার সুইচ ভ্যাপ পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ১৫ হাজার টাকা।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদন কাস্টম হাউস চট্টগ্রামে পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সিআইআইডি জানায়, অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বৈধ বাণিজ্যকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এসএম/এমএএইচ/