ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

রাজউকের গাড়িচালকের দেড় কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৩ অক্টোবর ২০২১

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক গাড়িচালক মো. আব্দুল জলিল আকন্দ ও তার স্ত্রী জাহানারা বেগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগ এনে মামলা করা হয়। মামলায় এ দম্পতির বিরুদ্ধে অবৈধভাবে এক কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ করা হয়।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুদক উপপরিচালক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বুধবার (১৩ অক্টোবর) বিষয়টি জাগো নিউজক নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজউকের সাবেক গাড়িচালাক আব্দুল জলিল আকন্দ নিজ নামে ২৩ লাখ ২৮ হাজার ৩৭৯ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করেছেন। একইসঙ্গে নিজ নামে অবৈধভাবে জ্ঞাত আয়বহির্ভূত ৫৭ লাখ ৮৮ হাজার ৩৬০ টাকার সম্পদ অর্জন করেছেন তিনি।

মামলার অন্য আসামি জাহানারা বেগম এক কোটি ১০ লাখ ২৪ হাজার ৪২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। বিপুল পরিমাণ এ সম্পদের তথ্য গোপন করে গাড়িচালক আবদুল জলিল আকন্দ তার স্ত্রীর নামে মৎস্য ও হ্যাচারি ব্যবসায় কথিত বিনিয়োগ দেখিয়ে স্থানান্তর করেন।

জানা গেছে, ২০১৭ সালে আব্দুল জলিল আকন্দ ও তার স্ত্রী জাহানারা বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের আগস্টে অনুসন্ধান প্রতিবেদন দাখিলপূর্বক তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। ২০১৮ সালের ডিসেম্বরে আসামিরা দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন।

এসএম/এএএইচ/জেআইএম