ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ডিএনসিসির নতুন ১৮ ওয়ার্ডে রাস্তার সংস্কার ২০ নভেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৪ অক্টোবর ২০২১

আগামী ২০ নভেম্বর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের প্রত্যেকটিতে একটি করে রাস্তা সংস্কারকাজ শুরু করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরায় কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত কামারপাড়া কবরস্থান রোডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান ডিএনসিসি মেয়র।

তিনি বলেন, জনগুরুত্ব বিবেচনায় ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে রাস্তা বাছাই করা হয়েছে এবং বাছাই করা রাস্তাগুলোর সংস্কারকাজ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির নিজস্ব অর্থায়নে ৫ কোটি ৯০ লাখ ১৭ হাজার ১৬৩ টাকা ব্যয়ে ৫৪ নম্বর ওয়ার্ডে কামারপাড়া কবরস্থান রোড তথা মিডল্যান্ড ব্যাংক থেকে তালুকপাড়া মোড় হয়ে কামারপাড়া কবরস্থান ও বামনারটেক মেইন রোড পর্যন্ত এবং রাজ্জাক মেম্বারের বাড়ি থেকে স্টার স্কুল পর্যন্ত সড়কের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতায় সবার সুবিধার জন্যই ১ দশমিক ৪৬ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটির প্রস্থ ১২ ফুট থেকে ২০ ফুটে উন্নীত করা সম্ভব হয়েছে।

আগে এ সড়কের অবস্থা খুবই নাজুক ছিল জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, মানুষের চলাফেরায় খুব কষ্ট পোহাতে হতো, এখন স্থানীয় জনগণসহ সবাই এ রাস্তাটির সুফল ভোগ করবে। কামারপাড়া বাজার থেকে সরকারবাড়ি পর্যন্ত চার লেনবিশিষ্ট রাস্তাটির নির্মাণকাজও আগামী মাসেই শুরু হবে।

এসময় অবৈধভাবে নদী, নালা, খাল, ডোবা দখলকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মেয়র বলেন, ডিএনসিসি থেকে অবৈধ দখলদারদের নামে কোনো বৈধ নোটিশ ইস্যু করা হবে না, বিনা নোটিশেই তাদের উচ্ছেদ করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দখল ও দূষণমুক্ত সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে।

শেষে কামারপাড়া কবরস্থান রোডের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এবং স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ উপস্থিত ছিলেন।

এমএমএ/এমএএইচ/জেআইএম