বেবিচককে বিশ্বে গ্রহণযোগ্য করার প্রত্যয় এহসানুল গণির
বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশনকে বিশ্ব দরবারে গ্রহণযোগ্য করে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী।
সোমবার দুপুর সোয়া একটায় জাগো নিউজের কাছে এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, এ কাজ করার জন্যে যা যা প্রয়োজন আমরা সবই করবো। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সংস্থা। সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে সহযোগিতা করলে কাঙ্খিত মানে পৌঁছা কোন বিষয় না। আকাশকে শান্তির নীড় বানিয়ে একটি নিরাপদ, শঙ্কা ও উদ্বেগমুক্ত বিমান পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে কোনো ধরনের উদাসীনতা দেখানো চলবে না।
এহসানুল গণি আরো বলেন, সুনির্দিষ্ট পরিকল্পনার অধীনে এগিয়ে যেতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের সংকটে বেবিচককে পড়তে না হয়। এতে দেশের ভাবমূর্তিও রক্ষা হবে। এক্ষেত্রে সবার কাজের মধ্যে সমন্বয় জরুরি বলে মনে করেন তিনি।
চ্যালেঞ্জের মধ্যে দায়িত্ব নেয়ার পর কোন কাজগুলোকে বেশি গুরুত্ব দেবেন এমন প্রশ্নের জবাবে এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী বলেন, অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এরপর পর্যায়ক্রমে সকল দিক ও বিভাগকে স্বচ্ছ ও জবাবদিহি করে তোলা হবে। এ বিষয়ে কোন ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
প্রসঙ্গত, রোববার সকাল ১০টা থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দফতরে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করেন সদ্য নিয়োগপ্রাপ্ত এই চেয়ারম্যান।
এর আগে নিরাপত্তার ইস্যুতে বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হককে প্রত্যাহার করা হয়।
আরএম/এসকেডি/আরআইপি