চট্টগ্রাম বন্দরের আরও ৫ কর্মচারীকে বদলি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল/ ছবি- সংগৃহীত
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনরত আরও ৫ কর্মচারীকে বিভিন্ন স্থানে বদলি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিনের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। এ নিয়ে তিন দফায় ১৬ জনকে বদলি করা হলো।
জরুরি দাপ্তরিক ও অপারেশনাল কাজে প্রয়োজনের কথা উল্লেখ করে এসব কর্মীকে নিজ নিজ বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে বিভিন্ন দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বদলি হওয়া পাঁচ কর্মচারী হলেন- উচ্চ বহি. সহকারী আবদুল্লাহ আল মামুন, স্টেনো টাইপিস্ট খন্দকার মাসুদুজ্জামান, ড্রাইভার মো. লিয়াকত আলী ও আমিনুর রসুল বুলবুল এবং খালাসি মো. রাব্বানী। তাদের পানগাঁও আইসিটিতে সংযুক্ত করা হয়েছে। আগামীকাল সোমবার বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দরে মিছিল-সমাবেশ নিষিদ্ধ
আন্দোলনরত আরও ৭ কর্মচারীকে বদলি, সোমবারও ফের কর্মবিরতি
এর আগে পৃথক আদেশে ১ ফেব্রুয়ারি ৭ জনকে এবং ৩১ জানুয়ারি ৪ জনকে বদলি করা হয়।
রোববার প্রথম দফায় বদলি হওয়া ৭ জন হলেন- বন্দরের পরিবহন বিভাগের উচ্চ বহি. সহকারী মোহাম্মদ শফি উদ্দিন ও রাশিদুল ইসলাম, পরিকল্পনা বিভাগের স্টেনো টাইপিস্ট মো. জহিরুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের এসএস পেইন্টার হুমায়ুন কবির, প্রশাসন বিভাগের উচ্চমান সহকারী মো. শাকিল রায়হান, যান্ত্রিক বিভাগের ইসিএম ড্রাইভার মানিক মিঝি ও প্রকৌশল বিভাগের মেসন মো. শামসু মিয়া। এর মধ্যে চারজনকে ঢাকার কমলাপুর কনটেইনার ডিপোয় ও তিনজনকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে বদলি করা হয়েছে।
এর আগে ৩১ জানুয়ারি অডিট সহকারী মো. হুমায়ুন কবীর (অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগ), ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন (১ম শ্রেণি -নৌ বিভাগ), উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম (অর্থ ও হিসাব বিভাগ) এবং এসএস খালাসি মো. ফরিদুর রহমানকে (প্রকৌশল বিভাগ) বদলি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন জানান, ১ ফেব্রুয়ারি দুটি পৃথক আদেশে ১২ জনকে বদলি করা হয়েছে। জরুরি দাপ্তরিক ও অপারেশনাল কাজের প্রয়োজনে তাদের বদলি করা হয়েছে।
এমডিআইএইচ/কেএসআর