লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আবু সৈয়দ (২৭) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পদুয়া ইউনিয়নের ৭ নম্বর জঙ্গল পদুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আবু সৈয়দ ওই গ্রামের হোসেন সিকদার পাড়ার নুরুল হকের ছেলে।
এ ঘটনায় আহতরা হলেন পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া বদলাপাড়া গ্রামের একরাম আলী চৌকিদারের ছেলে মীর কামাল (৩৫) এবং সাতকানিয়া থানাধীন আফজলনগর গ্রামের প্রয়াত নজু মিয়ার ছেলে আবদুল মাবুদ (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল পদুয়া এলাকায় একটি সেমিপাকা বাড়ির নির্মাণকাজ করছিলেন শ্রমিকরা। মঙ্গলবার সকালে লোহার রড সোজা করার সময় অসাবধানতাবশত একটি রড বিদ্যুতের তারের সঙ্গে লেগে তারা বিদ্যুতায়িত হয়। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথেই আবু সৈয়দের মৃত্যু হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আতিকুর রহমান বলেন, জঙ্গল পদুয়া এলাকায় বিদ্যুৎপৃষ্টে দুজন আহত শ্রমিককে হাসপাতালে আনা হয়। এর মধ্যে কামাল নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আবদুল মাবুদ নামের আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও একজন মারা গেছেন বলা হয়েছে। তাকে হাসপাতালে আনা হয়নি।
লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, জঙ্গল পদুয়া এলাকায় বিদ্যুৎপৃষ্টের ঘটনায় নিহত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ জালিয়াতি করে বন্দর থেকে পণ্যভর্তি কনটেইনার পাচার, ৭ ঘণ্টা পর উদ্ধার
- ২ হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ঘটনাস্থলে বিজিবি মোতায়েন
- ৩ গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে বিএনপি
- ৪ পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে, আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব