ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে যোগ দেবেন সায়মা ওয়াজেদ

প্রকাশিত: ০৬:৫৩ এএম, ৩১ মার্চ ২০১৬

বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৬ তে প্রতিবারের মতো এবারও আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের অটিজম বিষয়ক পরামর্শক কমিটির চেয়ারপারসন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য সায়মা ওয়াজেদ হোসেন। আগামী ১ এপ্রিল দিনব্যাপী জাতিসংঘে বিভিন্ন কর্মসূচী পালিত হবে।
 
দিবসটি উদযাপনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং বৈষম্য হ্রাস (এসডিজি১০) শীর্ষক আলোচনায় অংশ নেবেন সায়মা ওয়াজেদ।

আলোচনার মূল লক্ষ্য হচ্ছে, অটিজম ও অন্যান্য ডিভালাপমেন্ট ডিসঅর্ডারে আক্রান্ত জনগোষ্ঠী ও তাদের পরিবারের ক্ষমতায়নের লক্ষ্যে অত্যন্ত কার্যকর কৌশল ও পদ্ধতি চিহ্নিত করা এবং এগুলো প্রয়োগের মাধ্যমে এসডিজি’র লক্ষ্য পূরণ সার্বজনীন করা।

এছাড়া আলোচনা সভায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা; টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সকলের কর্মের নিশ্চয়তা বিধান (এসডিজি৮); অবারিত প্রবেশাধিকার (এসডিজি১১) এবং পরিবর্তনের লক্ষ্যে পার্টনারশীপ (এসডিজি১৭) এ চারটি বিষয়ও আলোচনা করা হবে।

সায়মা ওয়াজেদ হোসেন বিকেলে ‘অটিজম মোকাবেলা : এসডিজি’র আলোকে বিশ্ব সম্প্রদায়ের কৌশল’ শীর্ষক এক হাই লেভেল ইভেন্টে যোগ দেবেন। সেখানে মূল বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি। বাংলাদেশ, ভারত, কাতার, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র মিশন এবং অটিজম স্পিকস যৌথভাবে এ ইভেন্টের আয়োজন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন, কম্যুনিকেশন ও পাবলিক ইনফরমেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল খ্রিস্টিনা গালাচ, সাধারণ পরিষদের প্রেসিডেন্ট মগেন লিকেটফট, সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নির্বাহীরা উপস্থিত থাকবেন।

আরএস/এবিএস