মোহাম্মদপুরে অস্ত্র-গুলিসহ ২ ছিনতাইকারী আটক
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে অত্যাধুনিক বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে র্যাকপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। বুধবার রাত ৩টার দিকে থানাধীন সাদেক ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি মো. ইয়াছির আরাফাত জানান, সাদেক ফিলিং স্টেশনের সামনে কতিপয় ছিনতাইকারী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার সাহাব উদ্দিনে নের্তৃত্বে একটি চৌকস দল রাত ২টায় ঘটনাস্থলে পৌঁছায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় সন্ত্রাসীদের পিছু ধাওয়া করে ছিনতাইকারী মো. ধলু মিয়া(১৯) ও মো. হাসানকে (১৯) আটক করা হয়। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলিসহ ১টি ম্যাগাজিন এবং ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি-২৫ ইঞ্চি উদ্ধার করা হয়।
আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর বিভিন্ন স্থান থেকে তারা ছিনতাইয়ের উদ্দেশে একত্রিত হচ্ছিল। ইতিমধ্যে তারা বেশ কয়েকটি ছিনতাইয়ে অংশ নিয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
জেইউ/এএইচ/এমএস