ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

‘আস্থা ফেরাতে পুলিশকে আরো উন্মুক্ত হতে হবে’

প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০২ এপ্রিল ২০১৬

পুলিশ অনেক সময় সরাসরি সাধারণ জনগণের কাছে পৌঁছাতে পারে না। জনগণের কাছে যেতে তারা গণমাধ্যমের সাহায্য নেয়। তাই জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরো উন্মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন সাংবাদিকরা।
 
শনিবার রাজধানীর আমারি হোটেলে ‘জননিরাপত্তা বিধানে গণমাধ্যম ও পুলিশের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকরা এই সমর্থন জানান।
 
এসময় সাংবাদিক মুন্নী সাহা বলেন, গুরুত্বপূর্ণ নানা বিষয়ে অনেকসময় আপনারা সাংবাদিকদের কিছু জানান না। সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দেন না। অনেকসময় প্রশ্নের সুযোগ দেন না। এসব কারণে অনেকের মধ্যে নানা ধরণের প্রশ্ন আসে। আমি মনে করি যে কোনো ঘটনায় রিপোর্টারদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। এভাবেই ভালো পুলিশ এবং ভালো সাংবাদিকের মেলবন্ধন ঘটাতে হবে।
 
সাংবাদিক আবেদ খান বলেন, এটি বুঝতে হবে যে গণমাধ্যম সারা বিশ্বে ওয়াচ ডগের ভূমিকা পালন করে। পুলিশকে নিজেদের আরো উন্মুক্ত করতে হবে। তাদের ওপেননেস দরকার। গণমাধ্যম যদি পুলিশের বাণিজ্যের সংবাদ প্রকাশ করে তবে এর প্রতিবাদ না করে বরং ব্যবস্থা নেয়া উচিত।
 
জনসাধারণের পাশাপাশি প্রভাবশালীদের ক্ষেত্রেও আইনের যথাযথ প্রয়োগের দাবি জানান তিনি।
 
সাংবাদিক নাইমুল ইসলাম খান বলেন, নিজেদের আস্থা ফেরাতে পুলিশকেই বেশি ভূমিকা রাখতে হবে।
 
এসময় ডা. অরূপ রতন চৌধুরী বলেন, একসময় মানুষ আয়কর দিতে ভয় পেত। রাজস্ব বিভাগ আয়কর মেলা করে তাদের সামনে এসেছে। জনগণের কাছে যেতে পুলিশও এ ধরনের কোন মেলা আয়োজন করা যায় কি না বিষয়টি ভেবে দেখা দরকার।
 
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক সলিমুল্লাহ খান, মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, নির্বাচন পর্যবেক্ষক নাজমুল আহসান কলিমুল্লাহ,  সৈয়দ আবুল মকসুদ, ফকির আলমগীর, নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী শিকদার প্রমুখ।
 
এআর/এসকেডি/আরআইপি