সারাদেশে মাতৃভাষা ও শহীদ দিবস পালনের আহ্বান জামায়াতের
আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ হিসেবে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’। ১৯৫২ সালে এ দেশের তরুণ, ছাত্র ও যুবসমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। আন্দোলন দমনের জন্য সেদিন রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল। গুলিতে প্রাণ হারিয়েছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ অনেকেই। বাংলা ভাষার জন্য তাদের এ আত্মত্যাগের কারণে দেশের মানুষ তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আমি মহান আল্লাহর কাছে তাদের রূহের মাগফিরাত কামনা করছি।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ সত্যিকারার্থে স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছে। বর্তমানে দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মত-প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে প্রয়াস চলছে। দেশের মানুষ জানমাল ও ইজ্জত-আব্রু বজায় রেখে চলাফেরা করতে পারছে; যদিও নাগরিকদের শতভাগ সুযোগ-সুবিধা নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। এমতাবস্থায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নাগরিকদের ভোটাধিকারসহ সব মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে পালন করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব শাখা ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এএএম/এমএইচআর/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান সেলিমা রহমানের
- ২ অল্প সময়ের জন্য কীভাবে আইডি হ্যাক হয় সেটা রহস্যজনক: রিজভী
- ৩ জামায়াত আমিরের মন্তব্যের প্রতিবাদে নয়াপল্টনে মহিলা দলের সমাবেশ
- ৪ চট্টগ্রামে জামায়াত আমিরের জনসভা ঘিরে নিরাপত্তা জোরদার
- ৫ জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শ্রদ্ধা