‘সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদকে নতুন সুযোগ করে দিতে পারে’
বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আল কোরআনকে বাদ দিয়ে মানুষ রচিত মতবাদে সমাজ তথা রাষ্ট্র গঠন করা হলে সে সমাজ কিংবা রাষ্ট্রে কোনো দিন শান্তি আসবে না। কারণ, মানবতার মুক্তির মহাসনদ হিসেবে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করা হয়েছে। তাই মাহে রমজানের প্রকৃত শিক্ষা কাজে লাগিয়ে দেশকে ইসলামি কল্যাণ রাষ্ট্রের প্রত্যয় গ্রহণ করতে হবে।
এ সময় তিনি কোরআনভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শুক্রবার ( ৭ মার্চ) রাজধানীর আগারগাঁয়ে সংসদ সচিবালয় আবাসিক কমিউনিটি সেন্টারে শেরেবাংলা নগর উত্তর থানা জামায়াত আয়োজিত জাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা আমির আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে ও সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে যাকাতের তাৎপর্য বিষয় আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শায়েখ ড. মুহাম্মদ আব্দুস সামাদ। উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতারাও।
ইফতার মাহফিলে ড. রেজাউল করিম বলেন, রমজান হলো এমন এক বরবকপূর্ণ মাস, যে মাসে আল্লাহ তা'য়ালা মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। সূরা আল বাকারাহ এর ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ তা'য়ালা বলেন, রমযান মাস হলো সে মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথ অনুসারীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশক। আর ন্যায়-অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে এ মাসটি পাবে, সে রোজা রাখবে। । হাদিসে কুদসীতে বলা হয়েছে, আল্লাহ তা'য়ালা বলেন, বান্দার সব আমল তার নিজের জন্য, কিন্তু শুধু রোজা আমার জন্য। তাই আমি নিজ হাতেই এর প্রতিদান দেবো।
তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। বরং অর্জিত বিজয়কে ব্যর্থ করার জন্য নানাবিধ অপতৎপরতা শুরু করেছে। পতিত স্বৈরাচার রাষ্ট্রের সব অঙ্গ-প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই আগামী নির্বাচনকে কার্যকর ও ফলপ্রসূ করতে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করা জরুরি। সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদকে নতুন করে সুযোগ করে দিতে পারে। তাই এ প্রশ্নে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় পতিতরা আবার ছিদ্রপথ খুঁজতে পারে।
এএএম/এএমএ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান