ফেরেশতা দিয়েও ভালো নির্বাচন করতে পারবে না ইসি: সাইফুল হক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ফেরেশতা বসিয়ে দিলেও নির্বাচন কমিশন (ইসি) কোনো ভালো নির্বাচন করতে পারবে না। ভালো নির্বাচন করতে ইসির জন্য জবাবদিহিতার বিধান থাকা দরকার।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিদের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।
সাইফুল হক জানান, কমিশনের কাছে ৩১ দফা লিখিত সুপারিশ পেশ করা হয়েছে। ইসি একটা খসড়া আচরণবিধি তৈরি করছে। এখনও পাবলিক করেনি। আজ আমরা আচরণবিধির বিষয়ে বেশ কিছু মতামত দিয়েছি। আমরা বলেছি, একতরফাভাবে ইসি আচরণবিধি চূড়ান্ত না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শলাপরামর্শ করে, বিচার বিবেচনা আমলে নিয়ে যদি এটা প্রণয়ন করেন তাহলে এটার এক ধরনের গ্রহণযোগ্যতা আসবে, কার্যকর হবে।
তিনি আরও বলেন, স্বাধীন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসি ক্ষমতার প্রয়োগ দেখতে চাই। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির ক্ষমতা কীভাবে বাড়ানো যায় সেই পরামর্শ হাজির করেছি। একইসঙ্গে বলেছি, ইসিকে একটা জবাবদিহিতার মধ্যে আনা দরকার। এ বিষয়ে ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের’ মাধ্যমে ইসির ব্যত্যয় ঘটলে আইনানুগভাবে তাদের বিষয়েও ব্যবস্থা নেওয়া যাবে। নির্বাচন করেন ডিসি, এসপি, ওসিসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এখানে নির্বাচনী ব্যবস্থায় রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের ভূমিকা গুরুত্বপূর্ণ।
ইসির জনবল বাড়িয়ে সংস্থাটির নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার সুপারিশও করে দলটি।
এখানে যদি ফেরেশতাও বসিয়ে দিই তারপরও ইসি কোনো ভালো নির্বাচন করতে পারবে না উল্লেখ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, এটা যৌথ অর্কেস্ট্রার মতো। এখন যে অন্তর্বর্তী সরকার রয়েছে; আমরা বিশ্বাস করি অবাধ, বিশ্বাসযোগ্য নির্বাচন তারা করতে চান। যেহেতু তাদের কোনো রাজনৈতিক পক্ষপাত থাকবার কথা নয়। অন্তর্বর্তী সরকারের সর্বাত্মক আন্তরিকতা, ইসি, রাজনৈতিক দল ও ভোটারদের সক্রিয় অংশগ্রহণের সচেতন ভূমিকা- এসবের মধ্য দিয়ে আমরা ত্রয়োদশ সংসদের অর্থপূর্ণ কার্যকর নির্বাচন দেখতে পাব।
ইসি ইতোমধ্যে ভোটার তালিকার কাজ শেষ করেছে বলে জানান সাইফুল হক। তিনি বলেন, আমরা জানতে পেরেছি-ডিসেম্বরকে লক্ষ্য ধরে নিয়ে তারা প্রস্তুতি অব্যাহত রেখেছেন। আমরা বলেছি, রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরামর্শ, আলাপ আলোচনা করে অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন। নির্বাচনের সূচি বা শিডিউল ইসিকে ঘোষণা করতে হবে।
এমওএস/এএমএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির