জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদলের তোপের মুখে সাবরিনা
জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে জিসাস সহ-সভাপতি সাবরিনা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন আলোচিত চিকিৎসক ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সহ-সভাপতি সাবরিনা। তিনি সেখানে শ্রদ্ধা নিবেদন করতে গেলে বাধা দেন ছাত্রদল নেতাকর্মীরা।
জিসাসের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান জিসাস নেতারা। সেখানে ছাত্রদলের তোপের মুখে পড়েন ডা. সাবরিনা। এসময় সেখানে বিএনপির সাংস্কৃতিক সম্পাদক রেজাউদ্দোলা চৌধুরী, জিসাস সভাপতি মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আগে সাবরিনা ফুল নিয়ে সমাধি প্রাঙ্গণে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদের নেতৃত্বে তারা ‘আওয়ামী দোসর’ ও ‘করোনা টিকা কেলেঙ্কারি’ ইস্যুতে স্লোগান দিতে থাকেন। পরে তাকে সমাধি প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে সাবরিনা জাগো নিউজকে বলেন, ‘ছাত্রদলের যারা আমাকে বাধা দিয়েছে, তারা আমার ছোট ভাই। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি মনে করি তারা ভুল করেছে, ভবিষ্যতে তাদের ভুল ভাঙবে।’
নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে সাবরিনা বলেন, ‘আমি আগে সরকারি চাকরিতে ছিলাম, তখন রাজনীতিতে সক্রিয় ছিলাম না। সেই সময়কার একটি ছবিকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে প্রশ্ন তোলা হচ্ছে। আমি বিএনপি পরিবারের সদস্য। আমার দাদি খালেদা রব্বানী চারবারের সংসদ সদস্য ছিলেন, আমার চাচাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।’
তিনি আরও বলেন, বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে তিনি তার রাজনৈতিক পথচলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
কেএইচ/এমএএইচ/
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান