নির্বাচনের আগে গণভোটসহ ৫ দাবিতে ইসলামি আন্দোলনের মানববন্ধন
জুলাই সনদে পিআর যুক্ত করে নির্বাচনের আগেই গণভোটসহ ৫ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এই মানববন্ধন হয়।
মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা শাপলা চত্বরে অবস্থান নেন। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, পিআর নিয়ে আলোচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ অনেকেই সংবিধানের দোহাই দেন। জুলাই সনদের অনেক বিষয়ও সংবিধানে নেই। তাহলে কি জুলাই সনদের বাস্তবায়নও সংবিধানের দোহাই দিয়ে বাধাগ্রস্ত করা হবে?
গাজী আতাউর রহমান বলেন, সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কার বাধাগ্রস্ত করা যাবে না। জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না। সংবিধানের দোহাই দিয়ে যেনতেন নির্বাচন জাতি মেনে নেবে না। বরং কাঙ্ক্ষিত মানের নির্বাচন হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এটা জনগণের দাবি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আন্দোলনরত দলগুলোর দাবি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্য নেতারা বলেন, তফসিল ঘোষণার আগেই জুলাই সনদের বিষয়ে গণভোট আয়োজন করতে হবে। তা নাহলে জুলাই সনদের বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে এমনকি জাতীয় নির্বাচনও সংকটাপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে।
মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর গাবতলী থেকে শাহবাগ পর্যন্ত এবং শাহবাগ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণের নেতারা অংশ নেন।
শাপলা চত্বরে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফি, অ্যাডভোকেট বরকতুল্লাহ লতিফ, মাওলানা আরিফুল ইসলাম, মুফতি মোস্তফা কামাল, মাওলানা দেলওয়ার হোসাইন সাকি, মাওলানা লোকমান হোসাইন জাফরি, কে এম শরীয়াতুল্লাহসহ মহানগর নেতারা।
আরএএস/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান