‘চট্টগ্রামে জামায়াত আমিরের জনসভা নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ’
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের চট্টগ্রামে আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেন দলটির নেতাকর্মীরা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের পক্ষে গণজাগরণ সৃষ্টি করে নতুন বাংলাদেশ গঠনে বন্দরের জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ জনসভা সফল করতে চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানান।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতোয়ালি থানা আয়োজিত স্বাগত মিছিলে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের চট্টগ্রামে আগমন উপলক্ষে এ স্বাগত মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত প্রয়োজন। গণতান্ত্রিক অধিকার আদায় এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
আরও পড়ুন
চট্টগ্রামে জামায়াত আমিরের সমাবেশ আজ
নারীরা জামায়াতের আমির হতে পারবেন না, পুরুষই নারীর পরিচালক
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালি থানা আমির আমির হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শুরা সদস্য ও কোতোয়ালি থানা সেক্রেটারি মোস্তাক আহমদ।
এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কোতোয়ালি থানা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোতোয়ালি থানা সাধারণ সম্পাদক সেলিম রেজা।
এসময় কোতোয়ালি থানা নায়েবে আমির অধ্যাপক আবদুজ জাহের, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ফেরদাউস, অ্যাডভোকেট এহতেশামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাইয়েদ মোহাম্মদ আলী, মাওলানা আজগর হাসান, একরামুল হক, ওয়ার্ড আমির ডা. মোহাম্মদ ইলিয়াস, মাস্টার নুরুল আমীন, সমাজসেবক ওয়াসি উদ্দিন আনছারী, আজিজুল করিম চৌধুরী, আশরাফ উদ্দীন আহমদ জোবায়ের, শহীদ হোসেন প্রমুখ।
এমআরএএইচ/কেএসআর