ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

আওয়ামী লীগ-জামায়াত মুক্তিযুদ্ধ চায়নি: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৩ এপ্রিল ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী মুক্তিযুদ্ধ চায়নি। দুই দলই পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। সে কারণে আজকে আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, জামায়াতও একই পথের পথিক। তবে, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্য বিএনপির জন্ম হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবদুস সালাম বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছর পরও আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিভিন্ন কথা শুনতে হয়। আমরা লড়াই করেছিলাম দেশটা স্বাধীন করার এবং স্বাধীনতার পরবর্তী সময়ে একে গড়ে তোলার জন্য। কিন্তু, আজকে দুইটা শক্তির কারণে দেশ এখনো মুখ থুবড়ে মাঝে মাঝে পড়ে যায়। একটা শক্তি মুক্তিযুদ্ধকে দলীয়করণ করার চেষ্টা করেছে। আরেকটা শক্তি মুক্তিযুদ্ধের সময় বিরোধী অবস্থানে ছিল। এখনো মানসিকভাবে তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করতে পারে না।’

‘দুইটা শক্তি পাকিস্তানের পক্ষে ছিল। আওয়ামী লীগ যেমনভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে (পদ) চেয়েছিল, আরেকটা শক্তি পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। এই দুইটা শক্তির মাঝামাঝিতে বিএনপির অবস্থান। বিএনপির অবস্থান যে সঠিক সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। বিএনপি দেশের জন্য লড়াই করেছে। লড়াই পরবর্তী সময়ে দেশের জন্য বিএনপি গঠন হয়েছে,’ যোগ করেন তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আওয়ামী লীগসহ বর্তমান বিরোধীদল বিশ্বাসই করতে পারেনি যে আমাদের নেতা তারেক রহমান জনগণের এত জনপ্রিয়তা নিয়ে দেশে ফিরে আসবে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে যেমন বেগম খালেদা জিয়া, এরপর আমাদের নেতা তারেক রহমান। আওয়ামী লীগ যেভাবে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চেয়েছিল, তেমনিভাবে আরেকটা দলও নির্বাচনের সময় একই কাজ করেছে। কিন্তু জনগণের সমর্থনে আবারও প্রমাণিত হয়েছে, বিএনপি এদেশের সবচেয়ে জনপ্রিয় দল।’

আবদুস সালাম জানান, আজকে দুটি শক্তির বিরুদ্ধে লড়াই করে বিএনপি টিকে আছে। জোরজবরদস্তি করে নয়, জনগণকে সঙ্গে নিয়েই টিকে আছে। জনগণও বিএনপির সঙ্গে আছে।

সংসদ অধিবেশনের প্রথম দিন জাতীয় সংগীতের সময় বিরোধীদলের সদস্যদের দেরিতে দাঁড়ানোর প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘মনের দিক থেকে এখনো তারা দেশের স্বাধীনতাকে স্বীকার করতে পারেনি। দুজনের (জামায়াত এবং আওয়ামী লীগ) মনেই কিন্তু পাকিস্তান। বিএনপির মনে পাকিস্তান নেই। বিএনপির মনে সবার আগে বাংলাদেশ।’

আবদুস সালাম উল্লেখ করেন, বিএনপি রাজনীতি দিয়ে আওয়ামী লীগকে মোকাবিলা করেছে। এখন রাজনীতি দিয়েই জামায়াতসহ সবাইকে মোকাবিলা করবে।

আলোচনা সভায় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, আয়োজক কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এনএস/একিউএফ