ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

শবে বরাতে বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনায় তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, শাবান মাসের এই মহিমান্বিত রাত মানবজাতির জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা বহন করে। শবে বরাত এমন একটি রাত, যখন পরম করুণাময় আল্লাহ তার বান্দাদের জন্য দয়া ও ক্ষমার দ্বার উন্মুক্ত করে দেন।

তারেক রহমান তার বাণীতে উল্লেখ করেন, এই রাতের ফজিলত ও মর্যাদা অপরিসীম। শবে বরাত রমজানের আগমনী বার্তাও বহন করে। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে নিজেদের ভুল-ত্রুটি ও সীমা লঙ্ঘনের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং এমন নেক আমলে মনোনিবেশ করেন, যাতে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়।

আরও পড়ুন
শবে বরাত: ঐতিহ্য ধরে রাখা পুরান ঢাকার নকশা রুটি
পবিত্র শবেবরাত আমাদের জীবনে আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ

তিনি আরও বলেন, শবে বরাতের অন্যতম তাৎপর্য হলো নাজাত বা মুক্তিলাভ। এ রাতে বিশ্বাসী মুসলমানরা সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। মহান রাব্বুল আলামিন তার অনুগ্রহপ্রার্থীদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করেন বলেও বাণীতে উল্লেখ করা হয়।

বাণীতে তারেক রহমান সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এই মহিমান্বিত রাতে মানুষের কল্যাণে নিবেদিত থাকার এই প্রত্যয় আল্লাহ-তায়ালা কবুল করবেন।

বিশ্বশান্তি প্রতিষ্ঠা, বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহর কাছে একান্ত মোনাজাত করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বাণীতে তিনি পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি এবং মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেন।

কেএইচ/বিএ