একটি দলের নারীবিদ্বেষী বক্তব্যে মানুষ গভীরভাবে উদ্বিগ্ন: ইশরাক
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণা/ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, একটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব ধারাবাহিকভাবে নারীবিদ্বেষী বক্তব্য ও আচরণের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর গল্প দাঁড় করানোর চেষ্টা করছে, যা নিয়ে মানুষ গভীরভাবে উদ্বিগ্ন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সূত্রাপুর ও ধোলাইখাল এলাকায় গণসংযোগকালে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, সম্প্রতি একটি রাজনৈতিক দলের প্রধান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যকে ‘অ্যাকাউন্ট হ্যাক’ বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তবে বিএনপির মতে, এটি ধারাবাহিক নারী বিদ্বেষী বক্তব্যেরই অংশ।
তিনি অভিযোগ করেন, এর আগেও আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া বক্তব্যে নারীদের অমানবিকভাবে উপস্থাপন করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, নারীদের আগে মানুষ হিসেবে দেখতে হবে। নারীদের প্রতি অবমাননাকর দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে জনগণ ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই জবাব দেবে।
গেন্ডারিয়া ও ওয়ারী এলাকায় গণসংযোগ করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুল মান্নান/ছবি: সংগৃহীত
ইশরাক হোসেন আরও বলেন, জামায়াত-সমর্থিত ১১ দলীয় জোটের এক নির্বাচনি জনসভায় এলডিপি চেয়ারম্যান অলি আহমদকে ঘিরে জামায়াতের আমির যে বক্তব্য দিয়েছেন, তা ইতিহাস বিকৃতির শামিল।
তিনি দাবি করেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী, এই দুই দল ইতিহাসকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। এক পক্ষকে ভারতমুখী, অন্য পক্ষকে পাকিস্তানমুখী হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে।
তিনি বলেন, এমন বক্তব্যের সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ যাকে ঘিরে মন্তব্য করা হয়েছে, সেই অলি আহমদ নিজেও ওই বক্তব্যকে সঠিক নয় বলে মন্তব্য করেছেন।
গণসংযোগকালে ইশরাক হোসেন পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা-৬ গড়ার প্রতিশ্রুতি দেন এবং পরিবর্তনের পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুল মান্নান গেন্ডারিয়া ও ওয়ারী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকে গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার নানা নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
এমডিএএ/এমএমকে