ধানের শীষের বিজয়েই ভালো থাকবে বাংলাদেশ: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমেই ফটিকছড়ি ভালো থাকবে, ভালো থাকবে বাংলাদেশ। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জনগণের ভোটে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই আগামী ১২ তারিখের নির্বাচনের মধ্য দিয়ে শেষ হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, বিএনপি গত ১৭-১৮ বছর ধরে গুম, হত্যা, মামলা ও কারাবরণসহ নানা নির্যাতনের মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অনেক নেতাকর্মী ব্যবসা ও চাকরি হারিয়েছেন, কেউ পুলিশের হেফাজতে কিংবা চিকিৎসার অভাবে কারাগারে মারা গেছেন। এরপরও দল ও নেতাকর্মীরা আন্দোলন থেকে সরে যাননি।
তিনি বলেন, আন্দোলন এখনো শেষ হয়নি। ১২ তারিখের ভোটের মধ্য দিয়েই এই আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটবে।
জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন উল্লেখ করে আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। কোনো বিদেশি শক্তির হাতে বাংলাদেশ পরিচালিত হবে না।
জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী। সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছালাউদ্দিন।
জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/এমআইএইচএস