দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান
পল্লবীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান/ ছবি- সংগৃহীত
বিএনপি সরকার গঠন করতে পারলে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে চলবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, গত ১৬ বছরে দেশে বহু মেগা প্রকল্প হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বরং এসব প্রকল্পের আড়ালে হয়েছে মেগা দুর্নীতি। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সবার আগে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর মিরপুরের পল্লবী ২ নম্বর ওয়ার্ডে ঢাকা-১৬ আসনের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, জুলাইয়ের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। তাদের স্বপ্ন বাস্তবায়নের সময় এখনই এসেছে। ১২ তারিখের নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই দিনে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে- কারা দেশ পরিচালনা করবে।
রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, শুধু বিরোধী দলের সমালোচনা করে জনগণের কোনো লাভ নেই। জনগণের ভাগ্য পরিবর্তন করাই বিএনপির প্রধান লক্ষ্য।
আরও পড়ুন
ইসিবি থেকে জসীমউদদীন পর্যন্ত ৬০ ফুটের সড়কের প্রতিশ্রুতি তারেক রহমানের
১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি এই দোয়া করবেন: মির্জা আব্বাস
নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে।
ঢাকা-১৬ আসনের মানুষের চিকিৎসাসেবার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই আসনের জন্য একটি হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি যারা বিদেশে চাকরির উদ্দেশ্যে যেতে চান, তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থাও করা হবে।

নগরীর সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, পানির সমস্যা ও জলাবদ্ধতা নিরসনে সরকার গঠন করলে সবার আগে ঢাকার খাল খনন কর্মসূচি চালু করা হবে। একই সঙ্গে সারাদেশে খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অগ্রাধিকার ভিত্তিতে ঠিক করা হবে বলেও জানান তিনি।
জনসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
কেএইচ/কেএসআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী
- ২ প্রশাসন একদিকে হেলে পড়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: ইসিকে জামায়াত
- ৩ গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম
- ৪ মানবিক ও বসবাসযোগ্য শহর গঠনে সাতটি ভিত্তি তুলে ধরলো জামায়াত
- ৫ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান