বিএনপি এখন চাঁদাবাজ-মামলাবাজদের দখলে: হাসনাত আবদুল্লাহ
কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনি প্রচারের উঠান বৈঠকে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ/ছবি: সংগৃহীত
বিএনপি এখন চাঁদাবাজ ও মামলাবাজদের দখলে চলে গেছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় শিশু পার্কে আয়োজিত এক ‘উঠান বৈঠকে’ তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়ে ওঠা বিএনপির অনেক ত্যাগী কর্মী আজ নিজ দলেই কোণঠাসা হয়ে পড়েছেন। বিএনপির অনেক ভাই এখন আমাদের কাছে এসে গোপনে কান্নাকাটি করেন। তারা বলেন, ১৭ বছর ধরে নির্যাতন-নিপীড়নের মধ্যেও দলটা ধরে রাখলাম, আগাই নিলাম। কিন্তু এখন চাঁদাবাজরা এসে দলটা দখল করে নিয়েছে। আগস্টের পর মামলাবাজরাও দখলে নিয়েছে।’
‘যারা দীর্ঘদিন নির্যাতন সহ্য করেও গ্রাম-গঞ্জে বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন, তারা তখন দলটির ভেতরে ইনসাফ খুঁজে পেতেন। কিন্তু ৫ আগস্টের পর দেখা গেল, যাদের গত ১৭ বছরে খোঁজ পাওয়া যায়নি, তারা হঠাৎ বসন্তের কোকিলের মতো এসে দল দখল করে নিয়েছে,’ যোগ করেন তিনি।
বিএনপির ত্যাগী কর্মীদের দুরবস্থার কথা তুলে ধরে এনসিপির এ নেতা আরও বলেন, ‘অনেকে এসে বলেন- কার জন্য পরিশ্রম করলাম, কিসের জন্য ত্যাগ স্বীকার করলাম? এখন বাজারে গেলে লজ্জায় মাথা তুলে দাঁড়াতে পারি না। মানুষ আমাদের চাঁদাবাজের দল বলে। অথচ আমরা কেউ চাঁদাবাজি করি না।’
উঠান বৈঠকে উপস্থিত শিশুদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘তোমাদের অনেকেই ভোটার নও, তোমরা আমাকে ভোট দিতে পারবে না। কিন্তু তোমাদের বাবা-মা, চাচা-খালু ও আত্মীয়স্বজনদের বলবে- পরিবর্তনের বাংলাদেশ গড়তে হাসনাত ভাইকে শাপলা কলি প্রতীকে একটি ভোট দিতে। এটা বলতে পারবে তো? তাহলেই তোমরা আমাকে ভোট দিলে বলে গণ্য হবে।’
অনুষ্ঠানে জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেডআইপি/একিউএফ
সর্বশেষ - রাজনীতি
- ১ প্রচারণা শেষ তারেক রহমানের, ঘরে ফিরলেন মা-বাবার কবর জিয়ারত করে
- ২ দুর্নীতির জন্য সমালোচিতরাই দুর্নীতিমুক্ত দেশ গড়ার আশ্বাস দিচ্ছে
- ৩ আমার মতো মাস্তান বাংলাদেশে নাই, হিসাব ১২ তারিখের পর হবে: ফারুক
- ৪ বিএনপি এখন চাঁদাবাজ-মামলাবাজদের দখলে: হাসনাত আবদুল্লাহ
- ৫ ১১ দলীয় নির্বাচনি ঐক্য জিতলে হাতিয়া জেলা হবে: হান্নান মাসউদ