ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

ঢাকা-৬: সকাল সাড়ে ৭টায় ভোট দেবেন ইশরাক ও মান্নান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এদিন সকাল সাড়ে ৭টায় ভোট দেবেন ঢাকা-৬ আসনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত ইশরাক হোসেন ও জামায়াতে ইসলামীর ড. আব্দুল মান্নান। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আসনটির প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় গোপীবাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। অন্যদিকে ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নানও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে ৭টায় গেন্ডারিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন। প্রদানকৃত পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। অন্যদিকে সাধারণ ভোটগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পরই গণনা করা হবে।

এই আসনে এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ প্রতীকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীকে।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. আক্তার হোসেন হারিকেন প্রতীকে, গণফ্রন্টের প্রার্থী আহমেদ আলী শেখ মাছ প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইউনুস আলী আকন্দ ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এমডিএএ/এমএমকে