ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

সংরক্ষিত নারী আসন: রুমিন ফারহানা ছাড়া স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০১ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির সঙ্গে জোটে থাকবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি)। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনে বিএনপির সঙ্গে জোটে থাকছেন না।

সংরক্ষিত নারী আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথক জোটগত নির্বাচন করবে। জামায়াতের সঙ্গে থাকবে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)। বিএনপির সঙ্গে থাকবে দলটির মিত্ররা।

বুধবার (১ এপ্রিল) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এনসিপি আর জামায়াত জোট করছে। বিএনপির সঙ্গে আছে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। ছয়জন স্বতন্ত্র সংসদ সদস্যও বিএনপির সঙ্গে আছেন।

আখতার আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে ৬ এপ্রিল কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওইদিন ভোট নিয়ে সিদ্ধান্ত আসবে। বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা কোনো জোটে থাকছেন না।

আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা। তবে বিভিন্ন শর্তের কারণে এই সংখ্যা এদিক সেদিক হতে পারে।

আরও পড়ুন
সংসদ অধিবেশন থেকে জামায়াত-এনসিপির ওয়াকআউট 
সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার ২২০: জনপ্রশাসন প্রতিমন্ত্রী 

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৯ আসনে ভোট হয়। শেরপুর-৩ আসনের এক প্রার্থী মারা যাওয়ার কারণে ওই আসনে ভোট স্থগিত হয়। এছাড়া আদালতের আদেশে চট্টগ্রাম-২ ও ৪ আসনে ফলাফল প্রকাশ বন্ধ রাখা হয়েছে। তাই ২৯৭ আসনের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে এরই মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় সংসদে দলটির প্রতিনিধি রয়েছেন ২০৮ জন।

নির্বাচনে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮ আসন, এনসিপি ৬টি। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে একটি। গণঅধিকার পরিষদ একটি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি আসন পেয়েছে। নির্বাচনে গণসংহতি আন্দোলন পেয়েছে একটি আসন এবং খেলাফত মজলিস পেয়েছে একটি। এছাড়া সাতজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

আইন অনুযায়ী, ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১২টি ও বাকি দুটো আসন অন্যরা পেতে পারেন।

ভোটে বিজয়ী সাত স্বতন্ত্র প্রার্থী
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে লুৎফর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবুর রহমান, চাঁদপুর-৪ আসনে আব্দুল হান্নান, কুমিল্লা-৭ আসনে আতিকুল আলম শাওন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে সালমান ওমর এবং দিনাজপুর-৫ আসনে এ জেড এম রেজওয়ানুল হক বিজয়ী হয়েছেন। বিজয়ী এসব স্বতন্ত্র প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন।

এমওএস/কেএসআর