জামায়াত নির্বাচনের পরিবেশ ব্যাহত করছে: নজরুল ইসলাম
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
জামায়াতে ইসলামী নির্বাচনের পরিবেশ ব্যাহত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
তিনি বলেন, সবাই কেন্দ্র পাহারা দেবেন, ভোটের ফলাফল বুঝে নিয়ে কেন্দ্র ত্যাগ করবেন।
নজরুল ইসলাম খান বলেন, ১২৭টি বিষয় সামনে এসেছে, যা কিছু ঘটছে তা নির্বাচনের পরিবেশকে ব্যাহত করছে, এটা অনাকাঙ্ক্ষিত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াতের বক্তব্য প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হলো এটা তার ব্যবস্যার টাকা। কিন্তু যাকে আটক করা হলো তিনি কোনো ব্যবসায়ী নন, তার আয়কর রিটার্ন বিশ্লেষণ করলে দেখা যায় তিন হাজার টাকা আয়কর দিয়েছেন।
সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যিনি ব্যবসায়ী নন, তার কাছে ৭৪ লাখ টাকা পাওয়া যায় কেন?
তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হোক, অনেক সাথি জীবন দিয়েছে। আমরা সুযোগ পেলে জুলাই সনদ ও ইশতেহার বাস্তবায়ন করবো।
সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইসমাঈল জবিউল্লাহ, মাহদী আমিন, সালেহ শিবলী, গিয়াসউদ্দিন রিমন, মেহেদুল ইসলাম, সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
কেএইচ/ইএ