ঢাকা-১৩
হাড্ডাহাড্ডি লড়াই শেষে ববি হাজ্জাজের কাছে মামুনুল হকের পরাজয়
ঢাকা-১৩ আসনে (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭টি ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোটের রিকশা প্রতীকের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭টি ভোট। তাদের ভোটের ব্যবধান ২ হাজার ৩২০।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ওই আসনের ১৩৯টি কেন্দ্রের ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর থেকেই দেখা গেছে, একে অন্যের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই দুই প্রার্থীর।
ভোটের আগে এক জরিপেও ববি হাজ্জাজ ও মামুনুল হকের মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল। এই আসন থেকে ববি হাজ্জাজ ও মামুনুল হক ছাড়াও আরো সাতজন প্রার্থী ভোটের লড়াইয়ে অংশ নিয়েছেন। এই সাত প্রার্থী সব মিলিয়ে ভোট পেয়েছেন তিন হাজার ৮১৩টি।
ঢাকা-১৩ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭টি ওয়ার্ড নিয়ে গঠিত। যার মধ্যে গুরুত্বপূর্ণ মোহাম্মদপুর এলাকা। এই আসনে মোট ভোটার চার লাখ আট হাজার ৭৯১ জন। সে হিসেবে ভোট পড়েছে এক লাখ ৭৮ হাজার ২৭৬টি।
এর আগে ভোট গণনায় অনিয়মের অভিযোগ নিয়ে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় আগারগাওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে অভিযোগ দিতে আসেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এই আসনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি অভিযোগ দেন রাত ২টার দিকে। তখন রিটার্নিং অফিসার তাকে বলেন, পাশেই নির্বাচন কমিশনের অফিস । আপনি সেখানে অভিযোগ দিতে পারেন। এছাড়া, ফলাফল ঘোষণার পর সংক্ষুব্ধ বলে আদালতে অভিযোগ দিতে পারেন। আদালত আমাদের যে নির্দেশনা দেবেন আমরা সেভাবে কাজ করবো । প্রয়োজনে পুনরায় ভোট গণনা হবে।
এই অভিযোগের বিষয়ে মামুনুল হক জানান, ঢাকা ১৩ আসনে ৯ জন প্রার্থী। ব্যালটের এক পাশে ৫ জন প্রার্থীর নাম, অন্য পাশে চারজন প্রার্থীর নাম। আমার নাম বাম দিকে, সবার নিচে। নামের পাশের ঘর খালি থাকায় অনেক ভোটার ভুলক্রমে ফাঁকা জায়গায় সিল বসায়। সেই ব্যালটগুলো বাতিল করা হয়েছে।
তিনি বলেন, ৫০টা কেন্দ্রের ফলাফল ঘোষণায় আমার ১২০০ ভোট বাতিল হয়েছে । বাকি ভোটকেন্দ্রগুলোর ভোট গণনা বাকি আছে। আমরা ধারণা করছি, সব ভোটকেন্দ্রের এমন ভোটগুলো বাতিল করলে তা প্রায় তিন হাজারে পৌঁছাবে। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৩৭ টি। কিন্তু ঢাকা-১৩ আসনে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে নির্বাচন করা বিএনপি প্রার্থী ববি হাজ্জাজকে ২২০০ ভোটের ব্যবধানে আমার থেকে এগিয়ে আছে বলে জানানো হয়েছে। কিন্তু আমার বাতিল করা ৩০০০ ভোট বৈধ হিসাবে গণ্য করা হলে এ আসনে আমি জয়ী হই।
এসএম/এএমএ