আব্দুল কাদের
শিবির আবার এনসিপি-ছাত্রশক্তিকে ব্যবহার করবে, নিজেরা থাকবে গোপন
আব্দুল কাদের/ছবি: সংগৃহীত
শিবির আবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তিকে ব্যবহার করবে এবং নিজেরা গোপন থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের।
শুক্রবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আব্দুল কাদের বলেন, ‘ছাত্রশিবির আবারও তাদের পুরোনো রাজনীতিতে ফিরে আসবে, আসতে বাধ্য হবে। কারণ তারা নিজেরাই ভালো করে জানে, বিগত দেড় বছরে তারা কী কী করেছে। কৃতকর্মের দরুন তাদের পুরোনো কৌশল অবলম্বন করতেই হবে।’
সংগঠনটি ২০২৪ সালের ৫ আগস্টের পর ক্যাম্পাসগুলোতে একপ্রকার দখলদারিত্ব কায়েম করেছে দাবি করে তিনি বলেন, ‘নিজেরা হলে হলে কমিটি অব্যাহত রেখেছে, ভবনপ্রতিও কমিটি নবোদ্যমে সচল করছে। আর বিপরীতে অন্য সংগঠনের কেউ হলে উঠতে গেলেই মব তৈরি করছে। সাধারণ শিক্ষার্থী পরিচয়ে রাত-বিরাতে চলেছে মব। একপ্রকার জিম্মি ছিল ক্যাম্পাসগুলো। প্রশাসনে নিজেদের লোক বসিয়ে তাদের মাধ্যমে কার্য হাসিল করেছে তারা।’
‘তাদের অনলাইনের নোংরামি, ঔদ্ধত্যপূর্ণ আচরণ আর নারী হেনস্তার বিষয়ে তো নতুন করে বলার কিছু নেই। এসব কারণেই তারা নিজের ভেতরের ভয় থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করবে। অবশ্য লাভ নেই, এতদিনে সবার পরিচয় প্রকাশ হয়ে গেছে,’ যোগ করেন আব্দুল কাদের।
শিবির আবারও এনসিপি এবং ছাত্রশক্তিকে ব্যবহার করবে জানিয়ে তিনি বলেন, ‘নিজেরা গোপনে থেকে ছাত্রশক্তির নেতাকর্মীদের দিয়ে প্রতিপক্ষকে মোকাবিলা করাবে। কিন্তু কথা হলো, এনসিপি কিংবা ছাত্রশক্তি আবারও জেনেবুঝে ব্যবহৃত হবে কি না, বিপদে পড়বে কি না, সেটা তারাই ঠিক করবে।’
একিউএফ