ব্যারিস্টার আরমান
বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় জনমনে আশঙ্কা তৈরি হয়
সংসদ ভবন এলাকায় ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। আর বিষয়টি নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে রাজধানীর সংসদ ভবন এলাকায় প্রবেশের আগে মনিপুরীপাড়া এলাকার গেটের সামনে এসব বলেন তিনি।
জামায়াতের এ নেতা বলেন, যে কারণ দেখিয়ে তারা শপথ নেননি, তা সম্পূর্ণ অযৌক্তিক। বলাই আছে, যে আমাদের সংসদে সংসদ সদস্যদের শপথ পড়াবেন তিনিই সংস্কার পরিষদের শপথ পাঠ করাবেন। যে যুক্তি তারা (বিএনপি) দিয়েছে তা খোড়া যুক্তি। আমরা আহ্বান করবো আর যেন বিলম্ব না করা হয়।
তিনি আরও বলেন, আমরা মনে করি আজ যে শপথ হলো না, এটা জনগণের মনে প্রচন্ড আশঙ্কা সৃষ্টি করেছে। অবিলম্বে তারা (বিএনপি) এ শঙ্কা দূর করবেন। কালবিলম্ব না করে শপথ পড়বেন।
এসএম/এএমএ