ইলেকশন মেকানিজমের অভিযোগ নির্বাচনের কলঙ্ক তিলক হয়ে আছে: চরমোনাই পীর
জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় বক্তব্য দেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
ইলেকশন মেকানিজমের অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কলঙ্ক তিলক হয়ে আছে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
শনিবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
চরমোনাই পীর বলেন, পরপর তিনটি জাতীয় নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগের কারণে সৃষ্ট স্বৈরতন্ত্র উৎখাতে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। ত্যাগ, রক্ত ও প্রাণের বিনিময়ে স্বৈরাচারকে দেশত্যাগে বাধ্য করা সম্ভব হয় এবং স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু আক্ষেপের বিষয় হলো, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচন ঘিরে ইলেকশন মেকানিজমের অসংখ্য অভিযোগ উঠেছে।
রেজাউল করীম বলেন, বিভিন্ন প্রার্থীর কাছ থেকে পাওয়া অভিযোগ অনুযায়ী অনেক কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়া, ভয়ভীতি দেখানো এবং ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পাওয়া গেছে। নির্বাচন কেন্দ্র করে এত ত্যাগ ও রক্তের পরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগের অনিয়মের পুনরাবৃত্তি জাতিকে হতাশ করেছে।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের অনিয়মসংক্রান্ত সব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুযায়ী ব্যবস্থা নিতে হবে।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী, দলের জেলা সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
আরএএস/এমএএইচ/