ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

মানুষের পাশে থাকাই হবে বিএনপির আগামী দিনের রাজনীতি: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, রমজান হচ্ছে সম্প্রীতির মাস, ভালোবাসার মাস। একে অপরকে সহযোগিতা করার মাস। রাজনীতিতে এ গুণাবলি আমাদের আনতে হবে। শুধু রোজার মাসে হলে হবে না, সারাবছরই আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই হবে বিএনপির আগামী দিনের রাজনীতি, তারেক রহমানের রাজনীতি।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে দুঃস্থদের মধ্যে ইফতারি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে এক হাজার ৬০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, ছোলাসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সবাইকে সহনশীল হতে হবে। একে অপরকে সম্মান দিতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে। কারণ এটিই বিএনপির রাজনীতি এবং এর মাধ্যমে বাংলাদেশে পরিবর্তন আনতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

jagonews24.comদুঃস্থদের হাতে ইফতারি সামগ্রী তুলে দেন ডা. শাহাদাত হোসেন/ছবি: সংগৃহীত

আবু সুফিয়ান বলেন, মানুষের কষ্ট লাঘবে বিএনপির পক্ষ থেকে এই উদ্যোগ কিছু মানুষের জীবনে অন্তত স্বস্তি ফিরিয়ে আনতে পারবে। অন্তত কয়েক বেলা তারা খেতে পারবে, ইফতার করতে পারবে। তিনি প্রতিটি পাড়া মহল্লায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

আবুল হাশেম বক্কর বলেন, বিএনপি জনগণের দল হিসেবে সবসময় এ দেশের আপামর জনগণের কথা বলেছে। বিএনপির সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজে নিজেকে জড়ানো যাবে না।

কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেনের সভাপতিত্বে ও আব্দুল নাসের সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, ইসমাইল বালী, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির নেতা হামিদ হোসাইন, নকিব উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

এমআরএএইচ/এমএমকে