ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: মঈন খান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে’ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তার কাছে প্রশ্ন ছিল, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় অফিস খুলছে, গণহত্যাকারীরা দেশে ফিরছে এ ব্যাপারে বিএনপির অবস্থান কী?

জবাবে আবদুল মঈন খান বলেন, ‘আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে…আমি একটু আগে বলেছি, ১৯৭১ এর সেই কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়েনার মতো এই দেশের নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল সেদিন প্রতিবাদের ঝাণ্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আমরা সেই আদর্শে বিশ্বাসী বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে সামনের দিকে এগিয়ে যাবো।’

তিনি বলেন, বিএনপি একদলীয় বাকশাল শাসন যেটা বাংলাদেশের ওপর জগদ্দল পাথরের মতো আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে।

তিনি আরও বলেন, আমরা আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে, বিএনপি একটি উদারনৈতিক দল, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরও বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাসী।

মঈন খান বলেন, বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি, আমরা ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার যে বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরাই রক্ষা করবো।

এদিন নরসিংদীর চারটি আসনে বিএনপির সংসদ সদস্য যথাক্রমে নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনে মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনে সরদার মো. সাখাওয়াত হোসেন (স্বাস্থ্যমন্ত্রী), নরসিংদী-৫ আসনে আশরাফ উদ্দিনকে নিয়ে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান শেরে বাংলা নগরে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিস্থলে আসেন।

কেএইচ/এসএইচএস