ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৭ পিএম, ০৬ মার্চ ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি আগে জয় বাংলা বলে বক্তব্য শেষ করতেন, এখন জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করছেন। গোটা দেশ এভাবে চলছে। শুধু জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে। শুধু একটা দলের জায়গা আরেকটি দল বসেছে। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানী উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে এনসিপির ঢাকা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

বিএনপি সরকার গঠনের পর সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণ বেড়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শাপলা কলিতে ভোট দেওয়ায় কারণে নোয়াখালীর হাতিয়ায় নারীকে ধর্ষণ করা হয়েছে। সারাদেশে নারী নিপীড়ন, শিশু ধর্ষণ বেড়েছে।

তিনি বলেন, এতকিছুর পরও সুশীল সমাজ, নারী অধিকারকর্মীরা চুপ আছে। সবাই চুপ থাকলেও জাতীয় নাগরিক পার্টি চুপ করে থাকবে না। মানুষের অধিকার নিশ্চিতে এনসিপি সবসময় সরব থাকবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতারা।

এনএস/এএমএ