ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ০৮ মার্চ ২০২৬

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, বিএনপি কোনো আপস বা কারচুপির মাধ্যমে নয়, জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছে। তাই জনগণের কাছে দল ও সরকার দায়বদ্ধ। জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রোববার (৮ মার্চ) দুপুরে কোতোয়ালি থানা কৃষকদলের উদ্যোগে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আবু সুফিয়ান বলেন, সরকার শুধু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর উন্নয়ন নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত একটি সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। এ জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে। কৃষকদের উন্নয়নে এরই মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ মওকুফ করা হয়েছে। আগামী ১ বৈশাখের মধ্যে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ ন্যায্যমূল্যে কিনতে পারবেন এবং কৃষিঋণ, ভর্তুকি ও বিভিন্ন প্রণোদনার সুবিধা পাবেন।

কোতোয়ালি থানা কৃষকদলের সিনিয়র সহসভাপতি আব্দুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর কৃষকদলের সদস্যসচিব সাবের আহমেদ টারজান, যুগ্ম আহ্বায়ক মো. সেকান্দর এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নকিব উদ্দিন ভূঁইয়া।

মহানগর কৃষকদলের সংগঠক এ এইচ এম আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এন মোহাম্মদ রিমন এবং বক্সিরহাট শ্রমিকদল নেতা কবির আহমদসহ অন্যরা।

এমআরএএইচ/এমআইএইচএস