ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

ইতিবাচক রাজনীতির ধারা আরও মজবুত করতে হবে: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৫:০৩ এএম, ০৯ মার্চ ২০২৬

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের ইতিবাচক কর্মকাণ্ডই ২০২৫ সালে ডাকসু, চাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাফল্য অর্জনে সাহায্য করেছে। শিক্ষার্থীবান্ধব আচরণ ও কর্মকাণ্ডকে আরও বাড়িয়ে ইতিবাচক রাজনীতির ধারাকে আরও মজবুত করতে হবে।

রোববার (৮ মার্চ) চট্টগ্রাম মহানগরী জামায়াত কার্যালয়ে ছাত্র নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ বাড়ানো, সাধারণ শিক্ষার্থীদের বিপদে-আপদে পাশে থাকা এবং দাওয়াতী কাজ সম্প্রসারণের মাধ্যমে সুস্থ রাজনীতির ধারাকে এগিয়ে নেওয়া সম্ভব। লেজুড়বৃত্তিক রাজনীতির বিপরীতে প্রতিষ্ঠান ও দেশ গড়ার সুস্থ ধারার রাজনীতিকেই আরও জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, মেধাবী ও চৌকস নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠন সম্প্রসারণ ও মজবুত করতে আরও যত্নবান হতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, উত্তরের সভাপতি মোমিনুল হক, মহানগরী কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহি, আমির হোছাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন ও প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী প্রমুখ।

এমআরএএইচ/এমকেআর