জাতীয় সংগীতের সময় বসে থাকা নিয়ে যে ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ
আবদুল হান্নান মাসউদ। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জাতীয় সংগীত বাজানোর সময় বিরোধীদলীয় সংসদ সদস্যদের চেয়ারে বসে থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
শুক্রবার (১৩ মার্চ) সকালে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আজকে মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে যখন মাননীয় স্পিকার মহোদয় ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ দেওয়ার ঘোষণা দেন, তখন বিরোধীদলীয় সব সংসদ সদস্য দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে উচ্চস্বরে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান।
অতঃপর রাষ্ট্রপতি যখন সংসদে প্রবেশ করে তখন তাকে সম্মান প্রদর্শনের নিমিত্তে সরকারদলীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে যান এবং বিরোধীদলের সদস্যরা বসে যান।
পাশাপাশি বিরোধীদলের নেতৃবৃন্দ উচ্চ আওয়াজে প্রতিবাদ জানাতে থাকে। একই সঙ্গে রাষ্ট্রপতি সংসদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জাতীয় সংগীত বাজানো শুরু হয়ে যায়, কিন্তু বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদে ব্যস্ত থাকায় এবং স্পিকারে সাউন্ড সমস্যা থাকায় জাতীয় সংগীত বাজানোর বিষয়টা প্রতিবাদরত বিরোধীদলীয় সংসদ সদস্যরা বুঝতে পারেননি।
তাৎক্ষণিক হাসনাত আব্দুল্লাহ (এমপি) জাতীয় সংগীত চলার বিষয়টা টের পেলে তিনি বাকি সংসদ সদস্যদের জানান। জানামাত্রই বিরোধীদলীয় সংসদ সদস্যরা তৎক্ষণাৎ দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানান এবং জাতীয় সংগীত শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকেন।
ভুল বুঝাবুঝির অবসান হউক, সঠিক ইনফরমেশন ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হউক।
এমএএইচ/