ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

সরকারকে দৃঢ়ভাবে সমর্থন ও পাশে দাঁড়াতে হবে: দুদু

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৫ মার্চ ২০২৬

গণতন্ত্রের উত্তোলন, স্বাধীনতা রক্ষা এবং মানুষের কল্যাণের স্বার্থে বর্তমান সরকারকে দৃঢ়ভাবে সমর্থন ও পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ব্যারিস্টার মওদুদ আহমদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জাতীয়তাবাদী কর্মজীবী দল এ অনুষ্ঠানের আয়োজন করে।

শামসুজ্জামান দুদু বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ এমন একজন রাজনীতিবিদ, লেখক ও বুদ্ধিজীবী ছিলেন, যাদের সংখ্যা বাংলাদেশে খুব বেশি নয়। তার লেখা কয়েকটি বই রয়েছে। সেগুলো পড়লে বাংলাদেশের রাজনীতির ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যায়।

তিনি বলেন, মওদুদ আহমদ ছাত্ররাজনীতি করেছেন এবং মুক্তিযুদ্ধেও ভূমিকা রেখেছেন। শহীদ জিয়াউর রহমানের সঙ্গে বিএনপি গঠনে তার অবদান দলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

‘পরবর্তী সময়ে মওদুদ আহমদ ভিন্ন ধারার রাজনীতি করেছেন—এ নিয়ে আলোচনা বা সমালোচনা হতে পারে। তবে তিনি একজন দুর্নীতিবিরোধী মানুষ ছিলেন, এটি স্বীকার করতে হবে। তিনি শুধু প্রধানমন্ত্রীই ছিলেন না, এই দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিও ছিলেন।’

শামসুজ্জামান দুদু আরও বলেন, একসময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থাকার পরও মওদুদ আহমদ বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় সাধারণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কঠিন সময়ে যখন খালেদা জিয়া দেশকে গণতন্ত্রে উত্তরণের পথে এগিয়ে নিচ্ছিলেন, তখন তার পাশে দাঁড়ানোকে তিনি দায়িত্ব মনে করেছিলেন।

তিনি বলেন, মওদুদ আহমদ কখনো অহংকারে বসে থাকেননি। যখন যেসময় দায়িত্ব পালন প্রয়োজন মনে করেছেন, তখন তা যথাযথভাবে পালনের চেষ্টা করেছেন। তিনি ছিলেন নিষ্ঠাবান বক্তা, বিশ্লেষণধর্মী চিন্তাবিদ ও দৃঢ়চেতা রাজনীতিবিদ।

শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার মওদুদ আহমদের বিরুদ্ধে নানা মামলা, হামলা ও নির্যাতন চালিয়েছে। তার বাড়ি পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে এবং তাকে বাড়ির দখলদার হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। সেসময় দেশের মানুষ বিষয়টি জানলেও সেভাবে প্রতিবাদ হয়নি।

তিনি বলেন, এসব ঘটনার পরও মওদুদ আহমদ তার অবস্থান থেকে কখনো সরে দাঁড়াননি। তিনি যেটিকে সত্য এবং গণতন্ত্রের পক্ষে মনে করেছেন, সেটিই অনুসরণ করেছেন।

দুদু বলেন, মওদুদ আহমদ তাদের সিনিয়র রাজনীতিক ছিলেন। তিনি দলের নেতাকর্মীদের স্নেহ করতেন, ভালোবাসতেন এবং ভুল হলে সংশোধন করে দিতেন। আজকের সময়ে এমন মানুষের খুব প্রয়োজন ছিল। তিনি চলে গেছেন—এ কথা পুরোপুরি সত্য নয়। তার আদর্শ ও স্মৃতি এখনো সবার মাঝে রয়েছে। তাকে স্মরণ করে তার জীবন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, সংগঠনের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/ইএ