মনোনয়ন ফরম সংগ্রহে বিএনপি কার্যালয়ে উপচেপড়া ভিড়
ছবি-সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রথম দিনেই ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৪৪ জন প্রত্যাশী।
মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি জানান, আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।
কার্যক্রমের প্রথম দিনেই দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মোট ৫৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীদের উপচেপড়া ভিড় আর উচ্ছ্বাসে সকাল থেকেই নয়াপল্টন এলাকা মুখরিত হয়ে ওঠে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া এই ফরম বিক্রি কার্যক্রম চলবে রোববার (১২ এপ্রিল) পর্যন্ত। এই তিন দিনের মধ্যেই ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, গত দেড় দশকের রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা, সংসদীয় বিতর্কে পারদর্শিতা এবং সামগ্রিক রাজনৈতিক যোগ্যতা বিবেচনা করেই দলের পার্লামেন্টারি বোর্ড চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে।
তিনি দলের সব স্তরের নেতাকর্মীদের বোর্ডের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান।
কেএইচ/এমআরএম