সংরক্ষিত নারী আসন
দুই দিনে বিএনপির ২০ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি
সংরক্ষিত নারী আসনের জন্য শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার পর শুক্র ও শনিবার মিলিয়ে এখন পর্যন্ত ১ হাজার ২৫টি ফরম বিক্রি হয়েছে। যার অর্থমূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আগ্রহী প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলছে। সংরক্ষিত নারী আসন ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
আগামীকাল রোববার মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার তৃতীয় ও শেষ দিন। মনোনয়ন ফরম সংগ্রহ করতে দুই হাজার টাকা এবং মনোনয়নপত্র জমা দিতে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মনোনয়ন কার্যক্রম সামনে রেখে সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বাড়ছে।
এদিকে দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা ত্যাগী নারী নেত্রীরা নিজেদের অবস্থান ও অবদানের কথা তুলে ধরছেন। তাদের অভিযোগ, দুঃসময়ে পাশে না থাকা অনেকেই এখন মনোনয়নের আশায় সক্রিয় হয়ে উঠছেন। তাদের ভাষায়, ‘দুধের মাছিরা’ আবার রাজপথে আনাগোনা বাড়াচ্ছে।
ত্যাগী নেত্রীরা মনে করেন, দলের কঠিন সময়ে যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। শেষ দিনে তাদের প্রত্যাশা—মনোনয়ন প্রক্রিয়ায় যেন প্রকৃত ত্যাগী কর্মীরা হারিয়ে না যান।
কেএইচ/এমআইএইচএস