সড়ক দুর্ঘটনায় আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রফিকুল
চিকিৎসাধীন ডা. শংকর প্রসাদ অধিকারীর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বিএনপি নেতা অধ্যাপক রফিকুল ইসলাম/ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় আহত পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারীর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর ন্যাশনাল নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ডা. শংকরকে দেখতে যান বিএনপি নেতা রফিকুল। এ সময় ডা. শংকরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
চিকিৎসকদের সঙ্গেও তিনি বিস্তারিত আলোচনা করেন। ডা. শংকরের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
হাসপাতালে উপস্থিত হয়ে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, দেশের যে কোনো দুর্যোগ, মহামারি কিংবা সংকটময় পরিস্থিতিতে চিকিৎসকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সবার আগে দায়িত্ব পালন করেন। তাই চিকিৎসকদের নিরাপত্তা এবং তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ, আইসিইউ ইনচার্জ ও সংশ্লিষ্ট চিকিৎসকরা।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল হাম-রুবেলা গণটিকাদান কর্মসূচি পরিদর্শনে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা. শংকর প্রসাদ অধিকারী। প্রথমে তাকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
কেএইচ/এমএমকে
সর্বশেষ - রাজনীতি
- ১ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে
- ২ সড়ক দুর্ঘটনায় আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রফিকুল
- ৩ বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী নেতারা কি দলে ফিরতে পারবেন?
- ৪ ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
- ৫ হাসনাত আব্দুল্লাহকে ‘হেনস্তার’ ঘটনায় জাতীয় যুবশক্তির নিন্দা