ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

কে হচ্ছেন খালেদার সফরসঙ্গী?

প্রকাশিত: ০৬:১১ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

পবিত্র হজ পালনের জন্য বুধবার (৭ সেপ্টেম্বর) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সৌদি বাদশাহের আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেব তিনি সৌদি আরবে যাবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে এমন তথ্য পাওয়া গেলেও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। এছাড়া খালেদা জিয়ার সফরসঙ্গী কে হচ্ছেন সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং গুলশান কার্যালয়ের প্রভাবশালী কর্মকর্তা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস মামলা জটিলতার কারণে সফরসঙ্গী হতে না পারায় মূলত তার সফরসঙ্গী কে হচ্ছেন সে বিষয়ে নানা খবর আসছে।

গুলশান কার্যালয় সূত্র জানায়, শিমুল বিশ্বাসের নামে মোট ৭২টি মামলা। এর মধ্যে ৩৪টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি সর্বশেষ দেড় বছর আগে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে গিয়েছিলেন। এরপর থেকে তিনি পুলিশের কাছে পলাতক।

বিশ্বস্ত সুত্রে জানা গেছে, খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে মধ্য প্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনাম আহমদ চৌধুরী, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও গৃহপরিচারিকা ফাতেমা বেগম বিএনপি চেয়ারপারসনের সঙ্গে যাওয়ার কথা রয়েছে। তবে এ তালিকা পরিবর্তনও হতে পারে।

সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর রাত ৯টায় এমিরেটাস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপাসন।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাইরুল কবীর খান ও শামসুদ্দিন দিদার জানান, ‘বেগম খালেদা জিয়ার হজ ফ্লাইট এখনও চূড়ান্ত হয়নি। আজ (সোমবার) চূড়ান্ত হওয়া মাত্রই জানানো হবে।’

এদিকে অপর একটি সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবারের হজযাত্রায় সঙ্গী হিসেবে তার রাজনৈতিক সহকর্মীদের দেখা যাবে না।

বেগম খালেদা জিয়া হজে গেলে তার সঙ্গে বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ কেউ কেউ সঙ্গী হন। এবার সে সুযোগ না থাকলেও আগেই বিএনপির বেশ কয়েকজন নেতা পবিত্র হজ পালনে ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন বলে জানা গেছে।

এমএম/এনএফ/এমএস